স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০১:২৭ এএম

বিকেলে উঠান বৈঠকে অংশ নেওয়ার পর গভীর রাতে মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ভোরে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা গ্রামে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাফুল খানের (৩০) বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুনে বাড়ির দোচালা ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

রাফুল খান মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে জেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সক্রিয় সমর্থক। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে ছাত্রদল নেতা রাফুল খান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রাফুল খান জানান, সোমবার বিকেলে তার বাড়ির পাশের মাঠে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থনে উঠান বৈঠক করেন স্থানীয় সমর্থকরা। তিনি ওই বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে ফুলতলা গ্রামে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের ফুটবল প্রতীকের গণসংযোগ করে রাতে বাড়িতে ফেরেন। সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত