রিচার নয়া পদক্ষেপ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম

অভিনয় আর প্রযোজনার গণ্ডি পেরিয়ে এবার একেবারে নতুন সৃজনশীল পথে পা রাখতে চলেছেন রিচা চাড্ডা। ভারতের মানুষ, জায়গা আর জীবনের গল্পকে সামনে রেখে তিনি আনতে চলেছেন একটি নন-ফিকশন ট্র্যাভেল ও কালচারাল সিরিজ, যেখানে থাকবে ভ্রমণ, সংস্কৃতি, ঐতিহ্য আর বাস্তব জীবনের ছোঁয়া। গভীরতা ও উদ্দেশ্যপূর্ণ কাজ বেছে নেওয়ার জন্য পরিচিত রিচা। 

এবার কল্পনার জগৎ ছেড়ে বাস্তব অভিজ্ঞতার দিকে নজর ফেরাচ্ছেন। এই সিরিজে ভারতের বা তার ভাষায় ‘ভারত’-এর বহুরঙা সংস্কৃতি, লোকাচার, সম্প্রদায় ও মানুষের জীবনের গল্প উঠে আসবে একেবারে কাছ থেকে। একজন গল্পকার হিসেবে রিচার সংবেদনশীল দৃষ্টিভঙ্গি এবং সূক্ষ্ম পর্যবেক্ষণই এই সিরিজের মূল শক্তি হতে চলেছে। এই প্রজেক্টের মাধ্যমে নন-ফিকশন জগতে প্রথমবার ক্রিয়েটর ও প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন রিচা চাড্ডা। এর মধ্য দিয়ে তার ক্রমবিকশিত বহুমাত্রিক সৃজনশীল সত্তার আরেকটি নতুন অধ্যায় খুলছে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একাংশ। 

উল্লেখ্য, সাহসী, সৎ এবং প্রশ্ন তুলতে ভালোবাসে, এমন গল্পের পাশে বরাবরই দাঁড়িয়েছেন রিচা। তার প্রযোজনায় প্রথম ছবি গার্লস উইল বি গার্লস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল এবং স্পষ্ট করে দিয়েছিল, প্রযোজক হিসেবে তিনি কোন ধরনের গল্প বলতে চান। নতুন এই নন-ফিকশন সিরিজে সেই দৃষ্টিভঙ্গিকেই আরও বিস্তৃত করতে চান তিনি। ফরম্যাটে নতুনত্ব এনে, কিন্তু কনটেন্টে অর্থবহতা বজায় রেখে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত