অরজিতের সিদ্ধান্তকে শ্রেয়ার সমর্থন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম

প্লে-ব্যাক দুনিয়াকে ‘আলবিদা’ জানানোর পর গত ২৪ ঘণ্টায় তোলপাড় সোশ্যাল মিডিয়া। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে জিয়াগঞ্জের ভূমিপুত্রের এক পোস্ট নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সিনেদুনিয়ার প্লে-ব্ল্যাক সম্রাটের আকস্মিক অবসর ঘোষণায় তার আসমুদ্রহিমাচলের অনুরাগীদের মনখারাপ। যদিও ওয়াকিবহালমহলের একাংশ, অরিজিৎ সিংয়ের এমন সিদ্ধান্তকে ‘নতুন শুরুয়াত’ কিংবা ‘সংগীতের অতল সাগরে অমৃতকুম্ভের সন্ধান’ বলেই মনে করছেন। 

তবে দ্বিমতও যে নেই, এমনটা নয়। খোদ বলিউডের তাবড় সংগীতশিল্পীরা পর্যন্ত আক্ষেপ প্রকাশ করেছেন। তবে শ্রেয়া ঘোষাল অরিজিতের সিদ্ধান্তে মন খারাপ করতে নারাজ। বরং এতে সুদূরপ্রসারী ইতিবাচক দিকই দেখছেন গায়িকা। 

শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং, দুই বঙ্গসন্তান যে প্লেব্যাকের দুনিয়ায় বিগত কয়েক বছর ধরেই শীর্ষস্থানে রয়েছেন, সেকথা অস্বীকার করার কোনও জায়গা নেই। বলিউড হোক কিংবা বাংলা সিনেমা, বহু গানে একসঙ্গে কণ্ঠও দিয়েছেন তারা। তাই অরিজিতের প্লে-ব্যাক ছাড়ার সিদ্ধান্তে শ্রেয়ার কী মত? স্বাভাবিকভাবেই শ্রোতামহলের অন্দরে কৌতূহলের সৃষ্টি হয়েছিল। অবশেষে সহশিল্পীকে নিয়ে মুখ খুললেন গায়িকা। 

শ্রেয়ার মন্তব্য, ‘এটা অরিজিৎ সিংয়ের জন্য নতুন সূচনা। তাই ওর নতুন কাজ শোনার জন্য অধীর অপেক্ষায় রয়েছি। আমি সত্যি খুব উত্তেজিত! তবে এই বিষয়টিকে এক অধ্যায়ের অবসান বলতে নারাজ আমি। কারণ অরিজিতের মাপের একজন শিল্পীকে কখনও চেনা গণ্ডিতে বেঁধে দেওয়া উচিত হবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত