দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত ব্রিটিশ ওভারসিজ টেরিটরির সাউথ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জে রিখটার স্কেলে ৬.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
সংস্থার তথ্য অনুযায়ী ভূমিকম্পটি ৭৪.৭ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। ঘটনার ফলে কোনও হতাহতের খবর বা সম্পত্তি ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
সাউথ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ হলো যুক্তরাজ্যের দক্ষিণ জর্জিয়ার কাছে যুক্তরাজ্যের অধীনস্থ একটি দ্বীপ এলাকা। দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানে প্রায়শই ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যক্রম দেখা যায়।
আগস্ট ২০২১ সালে এই অঞ্চলে রিখটার স্কেলে ৮.০-এরও বেশি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছিল। দ্বীপগুলোতে বসতি না থাকায় সাধারণত এ ধরনের ভূমিকম্পের প্রভাব সীমিত থাকে।
