মিয়ানমারে নির্বাচন চলাকালে সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৭০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত শুক্রবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশন এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, ২০২৫ সালের ডিসেম্বরে নির্বাচনী প্রচারণা শুরুর সময় থেকে গত সপ্তাহে শেষ ধাপের ভোটগ্রহণ পর্যন্ত কমপক্ষে ৪০৮টি বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এদিকে, সামরিক শাসিত মিয়ানমারে সদ্য অনুষ্ঠিত নির্বাচনকে স্বীকৃতি দেয়নি দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১ দেশের জোট ‘আসিয়ান’। জোটটি বলছে, মিয়ানমারের নির্বাচন নিয়ে আসিয়ান এখনো সম্মতিতে পৌঁছাতে পারেনি। ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী থেরেসা লাজারো বলেন, যদিও তিন দফা ভোটগ্রহণ শেষ হয়েছে, তবে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু হয়নি। তবে ভবিষ্যতে আসিয়ানের অবস্থান পরিবর্তিত হতে পারে কি না সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি লাজারো।
গত ডিসেম্বরের শেষদিকে শুরু হয়ে তিন ধাপে গত সপ্তাহে নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচনে জান্তা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিকে (ইউএসডিপি) জয়ী ঘোষণা করা হয়।
