বিশ্বের শীর্ষ গ্রিন ফ্যাক্টরির (সবুজ কারখানা) সর্বোচ্চ নম্বরের স্বীকৃতি অর্জনকারী হ্যামস গার্মেন্টস লিমিটেডকে বিশেষ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত গ্রিন কারখানার মধ্যে ৬৯টিই এখন বাংলাদেশে অবস্থিত।
গতকাল শনিবার বিজিএমইএ এবং হ্যামস গার্মেন্টস লিমিটেডের যৌথ উদ্যোগে উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের অডিটরিয়ামে এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান হ্যামস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিকুর রহমানের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।
ইনামুল হক খান বলেন, হ্যামস গার্মেন্টস ইউএসজিবিসি লিড প্লাটিনাম সার্টিফিকেশনে ১১০-এর মধ্যে ১০৮ স্কোর করে একটি নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। এটি শুধু একটি সংখ্যার বিচার নয়, বরং এটি বর্তমানে বিশ্বের যেকোনো গ্রিন ফ্যাক্টরির মধ্যে সর্বোচ্চ স্কোর।
তিনি আরও বলেন, এই সাফল্য সারা বিশ্বের কাছে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মর্যাদা ও সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং বাংলাদেশের পোশাক খাতের জন্য একটি ‘গ্লোবাল বেঞ্চমার্ক’ তৈরি করেছে।
বিজিএমইএ পরিচালক ফারুক হাসান বলেন, কয়েক দশক ধরে বাংলাদেশ লিড সার্টিফিকেশনে সর্বোচ্চ স্কোর করে নিজের রেকর্ড নিজেই ভাঙছে, যা শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করছে। তবে গ্রিন ফ্যাক্টরিগুলো কার্যাদেশে অগ্রাধিকার পেলেও পণ্যের মূল্যে এর সঠিক প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না।
