বরগুনার তালতলীতে পুকুরে ডুবে আবদুল্লাহ নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মরানিদ্রা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আবদুল্লাহ ওই এলাকার মনিরের ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
শিশুর পরিবার জানায়, আজ দুপুরের দিকে আবদুল্লাহ্ বাড়ি পাশে পুকুরপাড়ে একা খেলাধুলা করছিল। এর মাঝে অসাবধানতাবশত সে পা পিছলে পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় শিশুটিকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পরিবারের সদস্যরা বাড়ি পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখতে পান। পরে দ্রুত স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে।
