পাবনায় অধ্যাপক আবু সাইয়িদ

স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষকে জয়ী করার আহ্বান

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩১ এএম

স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও সামাজিক ন্যায়বিচারের দেশ গড়তে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। গতকাল রবিবার বিকেলে সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি উচ্চ বিদ্যালয় মাঠে পাবনা-১ আসনে বিএনপি প্রার্থী শামসুর রহমানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা এবং স্বাধীন ও সার্বভৌম দেশ গড়তে হলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ধানের শীষকে বিজয়ী করতে হবে।’

অধ্যাপক আবু সাইয়িদ আরও বলেন, ‘সিংহের পেটে সিংহ, বাঘের পেটে বাঘ হয়। একইভাবে রাজাকারের পেটে রাজাকারই হয়। জামায়াত একাত্তরের মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ মানুষের জীবন ও দুই লাখ নারীর সম্ভ্রমহানির সহযোগী। মুক্তিযুদ্ধের সময় এই ধুলাউড়িতেও রাজাকারেরা মানুষকে হত্যা করেছে। একাত্তরে তাদের পরাজিত করেছি। আরেকবার পরাজিত করতে হবে।’

আসনটির বিএনপি প্রার্থী শামসুর রহমান বলেন, ‘সাঁথিয়ার মানুষকে বলতে চাই, আমরা জান্নাতের টিকিট দিতে পারব না। আমরা কৃষককে কৃষি কার্ড, ইমামকে সম্মানি ভাতা, মায়েদের জন্য ফ্যামিলি কার্ডসহ বিভিন্নভাবে আপনাদের পাশে থাকতে পারব।’ এই ভরসা রেখে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আব্দুল আলিম মোল্লার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন, সালাউদ্দিন খান, কেএম মাহবুব মোর্শেদ জ্যোতি প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত