গাজীপুরে প্রার্থীর শোভাযাত্রায় বাধা ও হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ এএম

গাজীপুর-২ আসনে ১১-দলীয় জোট সমর্থিত এনসিপির প্রার্থী অ্যাডভোকেট আলী নাসের খানকে নির্বাচনী শোভাযাত্রায় বাধা ও গাড়িচাপায় হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন গাজীপুর-২ আসনের এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. তরিকুল ইসলাম। এ ছাড়া দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে সাংবাদিকদের কাছে বক্তব্য রাখেন শাপলা কলি প্রতীকের প্রার্থী আলী নাসের খান।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩১ জানুয়ারি সন্ধ্যা পৌনে ৭টার দিকে গাজীপুর-২ সংসদীয় আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের শাপলা কলি মার্কার সমর্থনে নির্বাচনী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের পোড়াবাড়ী এলাকায় মূল সড়কে পৌঁছালে ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির প্রচারণার মাইক বহনকারী অটোরিকশা শোভাযাত্রার গতিরোধ করে এবং উচ্চৈঃস্বরে মাইক বাজাতে থাকে। শাপলা কলি মার্কার শোভাযাত্রা গতি থামিয়ে তাদের চলে যাওয়ার জন্য অনুরোধ করলেও তারা কর্ণপাত না করে উসকানিমূলক আচরণ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাস্তা পার হয়ে পূর্বপাশে পোড়াবাড়ী বাজারের দিকে যাত্রা করে জোটপ্রার্থীর সমর্থনে শোভাযাত্রা। এমন সময় ২১ নম্বর ওয়ার্ড যুবদল ক্যাডার সুমন সরকার ও গাজীপুর-২ আসনের প্রার্থীর চাচা পরিচয়দানকারী ব্যক্তি ধানের শীষের স্টিকার সংবলিত প্রাইভেট কার ব্যবহার করে গাড়িচাপা দিয়ে প্রাণনাশের চেষ্টা চালায়। শোভাযাত্রা রাস্তা পার হয়ে পশ্চিম পাশে পোড়াবাড়ী বাজারে পৌঁছালে বিএনপির প্রার্থী মঞ্জুরুল করিম রনির স্টিকার সংবলিত নির্বাচনী গাড়ি ব্যবহার করে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোফাজ্জল হোসেন উদ্দেশ্যমূলকভাবে শাপলা কলির পদযাত্রার গতিরোধ করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করে।

অভিযোগে শাপলা কলি প্রতীকের প্রার্থী আলী নাসের খান আরও উল্লেখ করেন, প্রাণনাশের চেষ্টা ও শোভাযাত্রার গতিরোধ ফৌজদারি অপরাধ ও আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সন্ত্রাসীকর্ম। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি নির্বাচন কমিশন কোনোভাবেই লেভেল প্লেয়িং ফিল্ড রক্ষা করতে পারছে না। যার ফলে এ হত্যাচেষ্টা। প্রার্থীর নির্বাচনী প্রচারণার সময় পরিকল্পিতভাবে শাপলা কলির প্রার্থীকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে প্রথমে ধানের শীষের প্রচার গাড়ি, পরে একটি দ্রুতগতির মোটরসাইকেলে এবং সবশেষে একটি সাদা প্রাইভেট কার দ্রুতগতিতে আমারর ওপর উঠিয়ে দেওয়ার মাধ্যমে হত্যাচেষ্টা করে। এ সময় আমি প্রাণে বেঁচে গেলেও মারাত্মক আহত হয়েছেন এনসিপি জেলা সদস্য সচিব খন্দকার আল-আমিন।

তিনি অভিযোগ করে বলেন, এর আগে ৩০ জানুয়ারি এরশাদ নগর ৫ নম্বর ব্লক ছোট বাজারে যুবদলের আনোয়ার ও সন্ত্রাসী কামুর লোকজন শাপলা কলির প্রচারণায় বাধা প্রদান করে। পোড়াবাড়ী বাজারে স্থাপিত আমার নির্বাচনী বিলবোর্ড ছিঁড়ে ফেলে। এ ধরনের ঘটনা দেশের অন্যান্য স্থানের মতো সন্ত্রাসী আক্রমণের ইঙ্গিত বহন করে, যা সুষ্ঠু নির্বাচনী পরিবেশের অন্তরায়। এমতাবস্থায় ১১-দলীয় জোট নেতৃবৃন্দ চরম নিরাপত্তাহীনতা বোধ করছেন। সন্ত্রাসী আক্রমণের চেষ্টা, প্রচারে বাধা প্রদান ও বিলবোর্ড ছিঁড়ে ফেলার ঘটনায় নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান জোটপ্রার্থী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত