শুষ্ক মৌসুমের প্রভাবে রাজধানী ঢাকার বাতাসের মান আবারও উদ্বেগজনক পর্যায়ে নেমে এসেছে। বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ তালিকায় বিশ্বের ১০০ শহরের মধ্যে ঢাকার অবস্থান উঠে এসেছে দ্বিতীয় স্থানে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় দূষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তাৎক্ষণিক সূচক অনুযায়ী, সোমবার সকাল ৯টায় বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। সেখানে বায়ুমান সূচক ছিল ২৮৬, যা জনস্বাস্থ্যের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
একই সময়ে ২৬২ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে আসে ঢাকা। এই মাত্রার বাতাসও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ বলে বিবেচিত। এমন পরিস্থিতিতে রাজধানীবাসীকে জানালা বন্ধ রাখা এবং প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। বাইরে বের হলে মাস্ক ব্যবহারের কথাও বলা হয়েছে।
এদিকে সোমবার সকালে ঢাকার অন্তত ১০টি এলাকায় বায়ুদূষণের মাত্রা ছিল তুলনামূলকভাবে বেশি। সবচেয়ে দূষিত এলাকার তালিকায় রয়েছে নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড এলাকা, যেখানে সূচক ছিল ৪৮১। এরপর পুরান ঢাকার বেচারাম দেউড়ি এলাকায় স্কোর ছিল ৩০২। ধানমন্ডিতে ২৯৯, ইস্টার্ন হাউজিং এলাকায় ২৮১ এবং মিরপুরের দক্ষিণ পল্লবীতে ২৭৬ স্কোর রেকর্ড করা হয়।
এ ছাড়া মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোর এলাকায় সূচক ছিল ২৭৪, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় ২৫৭, খিলগাঁওয়ের গোরান এলাকায় ২১৩, পেয়ারাবাগ রেললাইন এলাকায় ১৮৭ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুকাররাম ভবন এলাকায় বায়ুমান সূচক ছিল ১১৪।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে চলমান শুষ্ক আবহাওয়া, নির্মাণকাজের ধুলাবালি ও যানবাহনের ধোঁয়া রাজধানীর বায়ুদূষণ বাড়িয়ে দিচ্ছে। এই অবস্থায় স্বাস্থ্যঝুঁকি এড়াতে সতর্কতা মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন তাঁরা।
আজ এলপিজির নতুন দাম নির্ধারণ
পে-স্কেল ইস্যুতে আজও অবস্থান-বিক্ষোভ সরকারি চাকরিজীবীদের