‘দ্য উইক’-কে মির্জা ফখরুল

জামায়াতের সঙ্গে বিএনপির কোনো সমঝোতা নেই

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম

ভারতের প্রভাবশালী সাময়িকী ‘দ্য উইক’-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির সংস্কার কর্মসূচি, ভারতের সঙ্গে সম্পর্ক ও দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। খালেদা জিয়ার মৃত্যুর পর দলটি অভিজ্ঞ নেতাদের ওপর বেশি ভরসা করছে বলে তিনি জানান।

নির্বাচন নিয়ে আশাবাদ
জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণদের একটি প্রজন্ম কখনো সত্যিকারের ভোটাধিকারের অভিজ্ঞতা পায়নি। নির্বাচন কমিশন দায়িত্বশীলভাবে কাজ করছে এবং সরকারও নির্বাচন আয়োজনে আন্তরিক বলে মনে হচ্ছে।

জাতীয় ঐক্য সরকার
জাতীয় ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, গত ১৫ বছরে আমাদের সঙ্গে থাকা সমমনা দলগুলোকে নিয়েই ঐকমত্যভিত্তিক সরকার হবে। তবে যারা সংগ্রামের অংশ ছিল না, তারা অন্তর্ভুক্ত হবেন না। জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের সঙ্গে আমাদের কোনো সমঝোতা নেই।

এনসিপি ও আ. লীগ প্রসঙ্গ
এনসিপি সঙ্গে জোট না হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এনসিপি অনেক বেশি আসন দাবি করেছিল, যা বাস্তবসম্মত নয়। আওয়ামী লীগের নির্বাচন না করার সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, তাদের অনুপস্থিতি নির্বাচনে বড় প্রভাব ফেলবে না। শেখ হাসিনা দলে বিকল্প নেতৃত্বের সুযোগ দেন না-এটাই বাস্তবতা।

তারেক রহমানের প্রত্যাবর্তন
তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে তরুণদের মধ্যে উদ্দীপনার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিনি মানব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, কৃষক ও যুবকদের কর্মসংস্থানের ওপর জোর দিয়েছেন। বিচার বিভাগ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনা হবে বলেও তিনি অঙ্গীকার করেছেন।

ভারত-বাংলাদেশ সম্পর্ক
ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জরুরি সমাধান প্রয়োজন এমন বিষয়গুলো চিহ্নিত করে তিনি বলেন, পানি বণ্টন, সীমান্ত হত্যা বন্ধ ও ন্যায্য বাণিজ্য নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা একটি প্রভাবক, কিন্তু তিনিই এই সংকট তৈরি করেছেন। ভারত-বাংলাদেশ সম্পর্ক তার গণ্ডি পেরিয়ে এগোতে পারে।

পাকিস্তান প্রসঙ্গ
১৯৭১-এর গণহত্যা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, পাকিস্তানকে ক্ষমা চাইতেই হবে। তবে আঞ্চলিক উন্নয়ন ও জনগণের কল্যাণে প্রতিবেশী সব দেশেরই একসঙ্গে কাজ করা উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত