চট্টগ্রামের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ শরু হয়েছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হকের আদালতে এই মামলার সাক্ষ্য শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) এস ইউ এম নুরুল ইসলাম বলেন, নিহত আইনজীবী সাইফুলের বাবা জামাল উদ্দিন এই মামলার বাদী। সাক্ষ্য গ্রহণের প্রথম দিন বাদীর সাক্ষ্য নেন আদালত। আদালত আগামী ১৮ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
আদালত সুত্র জানায়, শুনানির শুরুতে কারাবন্দি আসামি চিন্ময় কৃষ্ণ দাস ছাড়া সব আসামিকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। নিরাপত্তার স্বার্থে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগার ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত করা হয়। তবে জবানবন্দি শেষে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী বাদীকে জেরা করার জন্য আদালতের কাছে সময়ের আবেদন জানান। আদালত সেই আবেদন মঞ্জুর করে পরবর্তী দিন ধার্য করেন।
২০২৫ সালের ১ জুলাই সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসসহ ৩৮ জনকে আসামি করে চট্টগ্রাম আদালতে অভিযোগপত্রটি জমা দেন। পরে বাদী না রাজি দিলে একই বছরের ২৫ আগস্ট আদালত আসামি সুকান্ত দত্তসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। গত ১৪ জানুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
গত বছরের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়। আদালত সূত্র জানায়, সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামিদের মধ্যে চন্দন দাস, রিপন দাস ও রাজীব ভট্টাচার্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
