কোনো অপারেটর নিলামে অংশ না নেওয়ায় বিনা প্রতিযোগিতায় গ্রামীণফোনকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ (স্পেক্ট্রাম) বরাদ্দ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার কমিশনের সভায় চূড়ান্ত অনুমোদনের পর গতকাল সোমবার এ সংক্রান্ত ডিমান্ড নোট ইস্যু করা হয়েছে।
নিলামের জন্য রাখা ২০ মেগাহার্টজ থেকে দেশের সবচেয়ে বড় অপরেটরটিকে ১০ মেগাহার্টজ তরঙ্গ দেওয়া হচ্ছে। এজন্য ১৩ কিস্তিতে ২২০০ কোটি টাকা দিতে হবে গ্রামীণকে। মেয়াদ থাকবে ১৩ বছর।
গত ২১ জানুয়ারির এই তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অন্য কোনো কোম্পানি অংশ না নেওয়ায় একমাত্র আবেদনকারী হিসেবে গ্রামীণকে এই তরঙ্গ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয় বিটিআরসির স্পেক্ট্রাম ম্যানেজমেন্ট কমিটির সভায়।
এর আগে ইন্টারনেট সেবাদাতা কোম্পানি অলওয়েজ অন নেটওয়ার্ককে প্রায় বিনামূল্যেই ২০ মেগাহার্টজ ৭০০ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দেয় বিটিআরসি, ২০১৫ সালে তা বাতিলও করে। কিন্তু এরপর সেই কোম্পানি আদালতে গেলে শুরু হয় দীর্ঘ আইনি বিরোধ। সে কারণে এই তরঙ্গ দীর্ঘদিন অব্যবহৃত ছিল। অন্তর্বর্তী সরকারের সময়ে সেই আইনি জটিলতা মিটিয়ে তরঙ্গ বরাদ্দের জন্য নিলামের উদ্যোগ নেওয়া হয়। তবে অলওয়েজ অন নেটওয়ার্কের জন্য বরাদ্দকৃত তরঙ্গ নিলামে তোলা হয়নি। বরাদ্দ রাখা হয় বিটিআরসির ২৫ মেগাহার্টজ।
