বিএনপি ক্ষমতায় গেলে দেশে সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, বিএনপি ৩১ দফার প্রতিশ্রুতি দিয়েছে। সাংবাদিক বন্ধুরা মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করুন। বিবেকের কাছে দায়বদ্ধ থাকলে সত্যিকার অর্থে দেশের গণমাধ্যম স্বাধীন থাকবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে চকরিয়ায় ‘মিট দ্য প্রেস’ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সাংবাদিকরা দ্বিধাবিভক্ত। রাজনৈতিকভাবে বিভাজন সৃষ্টি হয়েছে, এ ধারণা ঠিক নয়। গণমাধ্যমের ভূমিকা হওয়া উচিত নিরপেক্ষ। আমরা আপনাদের কাছ থেকে নিরপেক্ষ ভূমিকা আশা করি।
গণমাধ্যমের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। মিস ইনফরমেশন ও ডিজ ইনফরমেশনের মাধ্যমে যেন সমাজে বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে বিষয়ে দায়িত্বশীল থাকতে হবে, যোগ করেন তিনি।
আগের পরিস্থিতির কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, গত ১৬ থেকে ১৭ বছরে গণমাধ্যম দলীয়করণ করা হয়েছিল, যার ফলে গণতন্ত্র হোঁচট খেয়েছে। যে দেশে গণমাধ্যম স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা রাখে, সে দেশের গণতন্ত্র অনেক বেশি শক্তিশালী হয়। গণমাধ্যমের মূল লক্ষ্য হওয়া উচিত গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া।
স্বাধীন, উন্মুক্ত ও শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকারের প্রত্যয় ব্যক্ত করেন কক্সবাজার-১ আসনের এ বিএনপির প্রার্থী।
