'লেট ইট গো', সাম্প্রতিক সব ঘটনা নিয়ে বললেন মোস্তাফিজ 

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম

আইপিএল থেকে বাদ পড়া, নিরাপত্তা ইস্যু, বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা এবং ভারত–পাকিস্তান ম্যাচ বয়কট ঘিরে বিশ্ব ক্রিকেটে চলমান আলোচনার মাঝেও মোস্তাফিজুর রহমান রয়ে গেছেন আগের মতোই নির্লিপ্ত। খুব কম কথা বলা এই পেসারের মানসিক অবস্থার কথা জানালেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

কাল থেকে শুরু হতে যাওয়া অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টিতে তিনি আছেন ধূমকেতু একাদশের প্রধান কোচের দায়িত্বে। সেই একই দলে খেলবেন মোস্তাফিজও। আজ মিরপুরে সালাউদ্দীন সাংবাদিকদের বলেছেন, ‘'প্রশ্নটা আমি নিজেই মোস্তাফিজকে জিজ্ঞেস করছিলাম,-তুমি কী মনে করছ? সে বলল, 'লেট ইট গো।' মানে যা চলে যাওয়ার, তা চলে গেছে।’'

চলতি মৌসুমের আইপিএলে বাংলাদেশিদের মধ্যে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে নিরাপত্তা ও হুমকিজনিত ইস্যুর পর বিসিসিআইয়ের নির্দেশে তাকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়। পরে নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অপারগতা জানায় এবং ভেন্যু পরিবর্তনের প্রস্তাব দিলেও আইসিসি তাতে সম্মতি দেয়নি। একই সময়ে পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়।

এমন প্রেক্ষাপটে একজন ক্রিকেটারের মানসিক চাপ স্বাভাবিকভাবেই অনেক বেশি হওয়ার কথা। কিন্তু সালাউদ্দিন মনে করেন, মোস্তাফিজ এই পরিস্থিতিকে দেখছেন ভিন্নভাবে। তিনি বলেন, ‘আমার মনে হয়, মোস্তাফিজের কাছ থেকে এটা ভালো জিনিস শেখার মতো। এতগুলো টাকা বলেন বা যা–ই বলেন—ও তো হতাশায় ভুগতে পারত। কিন্তু সে জানে যে এটা আসলে নিয়ন্ত্রণে নেই। তার হাতে তো ছিল না। মোস্তাফিজের কাছ থেকে আমি এটা শিখেছি এবং অন্যরাও হয়তো এটা থেকে শিখবে।’

তবে সালাউদ্দিনের মতে, এই মানসিক দৃঢ়তা সবার পক্ষে অর্জন করা সহজ নয়। তিনি বলেন, 'সবাই তো আর মোস্তাফিজের মতো হতে পারবে না। এটা হলেই ঐ প্লেয়ারের জন্য ভালো। যে জিনিস কন্ট্রোল করতে পারব না, কন্ট্রোল করতে চাইবও না। আপনার চাকরির ক্ষেত্রেও দেখুন, প্রমোশন দিবে কি দিবে না এটা মনে রাখলে হবে না।'

খেলোয়াড়রা দ্রুত মানসিকভাবে ঘুরে দাঁড়াতে পারবেন বলেও আশাবাদী সালাউদ্দিন। তিনি বলেন, ‘পেশাদার খেলোয়াড় হিসেবে তারা হয়তো ওভাবেই দেখবে এটা। কিন্তু সবাই তো আসলে আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। এটা মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা মানুষ, আমাদের ভেতরে দুঃখ-কষ্ট থাকবেই, সুখও থাকবে। কিন্তু কীভাবে আমি সামনে চলতে পারব, সেটার জন্য হয়তো আমাকে বর্তমান অবস্থায় থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে ছেলেরা এটা কাটিয়ে উঠবে এবং তারা এই টুর্নামেন্টে মনোযোগ রাখবে।’

২০১৬ সাল থেকে আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন মোস্তাফিজুর রহমান। একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে তিনি জিতেছেন ‘উদীয়মান তারকা’ পুরস্কারও। তবে এবারের আইপিএল থেকে বাদ পড়া, বাংলাদেশের বিশ্বকাপ সিদ্ধান্ত কিংবা ভারত–পাকিস্তান ম্যাচ বয়কট—এই সবকিছু নিয়েই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি টাইগার পেসার। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত