নবীনগর-চন্দ্রা সড়কে ডাকাতি, গ্রেপ্তার-৪

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ পিএম

সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে পুলিশ পরিচয়ে রডের ট্রাক ডাকাতির ঘটনায় অন্তত চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ রড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো মো. সোহেল (২৬), বিজয় (২৮), মানিকুল (৪১) ওসাইদুল ইসলাম (৩৫)।

পুলিশ জানায়, গত বুধবার (৩১ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ থেকে ১৩ লাখ টাকার রড নিয়ে একটি ট্রাকে করে টাঙ্গাইলের উদ্দেশ্য রওনা হয়। এ দিন দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ওই ট্রাকটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় পৌছালে পুলিশ পরিচয়ে ৭-৮ জন ওই ট্রাকের গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকসহ রড নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। এরপর গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন,ঘটনার পরই পুলিশ তদন্ত শুরু করে। পরে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সাভারে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাভারের ভাকুর্তা ও কেরানীগঞ্জ এলাকা থেকে মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ৪ জনকে ৭ দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত