মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম

মাদারীপুরে পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রায় ২০টি হাতবোমা বিস্ফোরণে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় ও আহতরা জানান, ওই গ্রামের সেলিম হাওলাদার ও সোহরাব বেপারীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জের ধরে উত্তপ্ত হয়ে ওঠে দুই পক্ষ। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হন তারা। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে প্রায় ২০টি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ৮ জন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী।

আহতদের মধ্যে ফারুক বেপারী (৫৫), ইমরান মাতুব্বর (৩২), কালু বেপারী (৬৫) ও রিয়ন বেপারীকে (১৮) উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং রোকন হাওলাদার (৩৫) নামে আরও একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক। বাকি আহত সেলিমা হাওলাদার, আলবিদ হাওলাদার, তুষার হাওলাদারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ। এই সংঘর্ষের ঘটনায় নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত