বাড্ডায় বাসা থেকে উদ্ধার ১৩ আগ্নেয়াস্ত্র ও ৩৯৪ গুলি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩ এএম

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র ও ৩৯৪ রাউন্ড গুলিসহ মেহেদী হাসান বিপু নামে একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী। গ্রেপ্তারকৃত বিপু শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত বৃহস্পতিবার রাতে বাড্ডায় মেহেদী হাসান বিপুর বাসায় অভিযান চালানো হয়। এ সময় উদ্ধার করা হয় ৭টি পিস্তল, ৩টি রিভলবার, ২টি এয়ারগান, ১টি রাইফেল, ২টি রাইফেল ম্যাগাজিন, ৮টি পিস্তল ম্যাগাজিন, ৩৯৪ রাউন্ড পিস্তলের গুলি, ৩০টি কার্তুজ, ২ সহস্রাধিক এয়ারগান প্লেট, ১টি দূরবীন, ৪টি পিস্তল গ্রিপ সাইট কভার, ৩টি চাইনিজ কুড়াল, ১টি বিদেশি ছুরি, ২টি ওয়াকিটকি সেট, ১টি ওয়াকিটকি ব্যাটারি ও চার্জারসহ ১টি ল্যাপটপ।

আইএসপিআর জানায়, বিপু আসন্ন নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক গোপনে মজুদ করে রেখেছিলেন।

এদিকে পুলিশ সূত্র জানায়, মেহেদী হাসান বিপু দীর্ঘদিন ধরে সুব্রত বাইনের হয়ে রামপুরা, বনশ্রী, বাড্ডা, ভাটারা, বারিধারা ও গুলশান এলাকার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করে আসছিলেন। তার কাছে আরও অস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব অস্ত্রের অধিকাংশই সুব্রত বাইন ও অপর শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদের। গত বছরের মে মাসে কুষ্টিয়ায় যৌথবাহিনীর অভিযানে সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তার হওয়ার পর বিপু তাদের শূন্যস্থান পূরণ করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিপু দীর্ঘদিন ধরে বাড্ডা, ভাটারাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্র-গোলাবারুদ বিক্রি করে আসছিলেন। এদিকে, গত শুক্রবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সন্ত্রাসী পিচ্ছি মাসুম ও তার তিন সহযোগী নাসির, রাজু ও নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানে ২টি পিস্তল, ১টি রিভলবার, ১টি ডামি পিস্তল, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ৩টি ওয়াকিটকি, মাদকদ্রব্য, নগদ অর্থ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০ জানুয়ারি থেকে গত ১৭ দিনে যৌথ অভিযানে দেড় শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে, যার অধিকাংশই দেশি-বিদেশি পিস্তল। এ ছাড়া গোলাবারুদ, ককটেল ও বোমা তৈরির সরঞ্জামও জব্দ করা হয়েছে।

এ পর্যন্ত সেনাবাহিনী ১০ হাজার ১৫২টি অস্ত্র ও ২ লাখ ৯১ হাজার গোলাবারুদ উদ্ধার করেছে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত