বাইরে থাকা সহস্রাধিক রোহিঙ্গা আটকের পর ক্যাম্পে ফেরত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৪ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধ বসবাসকারী প্রায় সহস্রাধিক রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী,পুলিশ ও প্রশাসন। 

রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত আটকের পর তাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে এসব রোহিঙ্গাদের বাসা ভাড়া দেওয়ার অপরাধে মালিকদের কাছ থেকে এক লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের পরিচালক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর বিন আফনান জানান, জাতীয় সংসদ নির্বাচন সহিংসতামুক্ত ও নির্বিঘ্ন করতে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর নেতৃত্বে সক্রিয় রয়েছে যৌথবাহিনীর সদস্যরা। এরই অংশ হিসেবে রবিবার উখিয়ার বালুখালীসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারি অন্তত হাজারখানেক রোহিঙ্গাকে আটক করা হয়।

তিনি জানান, এসব রোহিঙ্গা প্রশাসনের অনুমতি ছাড়াই ক্যাম্পের বাইরে বাসা ভাড়া করে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছিল। পরে ভ্রাম্যমাণ আদালতকে খবর পাঠালে তিনি ঘটনাস্থলে যান। ওখানে যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তাদের পুনরায় ক্যাম্পে পাঠানো হয়। একই সঙ্গে বাসা মালিকদের জরিমানা করে সর্তক করা হয়েছে।

এর আগে চট্টগ্রামের দোহাজারির বার্মা কলোনী সহ আশপাশের এলাকায় কয়েক দফা অভিযান চালিয়ে ৫ শতাধিক রোহিঙ্গাকে আটক করে যৌথবাহিনী। পরে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত