সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল তৈরির কাজ শেষ হয়েছে।
আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) এ ফল প্রকাশের সম্ভব রয়েছে।
রবিবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্র জানায়, ফল প্রকাশ নিয়ে সভা চলছে। সভা শেষ হলে নিয়োগের ফল প্রকাশ করা হতে পারে। কোনো কারণে আজ ফল প্রকাশিত না হলে আগামীকাল সোমবার এ ফলাফল প্রকাশ করা হবে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, গতকাল শনিবার ফলাফল তৈরির কাজ শেষ হয়েছে। এরপর ফলাফলের সার সংক্ষেপ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে সবুজ সংকেতও পাওয়া গেছে। বিষয়গুলো নিয়ে অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা সভা করছেন। এ সভা শেষে ফল প্রকাশের বিষয়ে বিস্তারিত বলা যাবে।
গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) এক হাজার ৪০৮টি পরীক্ষাকেন্দ্রে একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে এবং ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
গত ২১ জানুয়ারি রাতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে প্রাথমিকভাবে ৬৯ হাজার ২৬৫ জন উত্তীর্ণ হয়। গত ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্ব স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা এখন চূড়ান্ত ফলের অপেক্ষায় রয়েছেন।
