বাংলাদেশকে ক্ষতিপূরণ, বিশ্বকাপ অংশগ্রহণ ফি দেয়ার শর্ত আইসিসিকে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে দীর্ঘ আলোচনা শেষ হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই বড় ধরনের অগ্রগতি আসতে পারে বলে জানিয়েছে জিও উর্দু নিউজ।

লাহোরে অনুষ্ঠিত এই বৈঠকে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। সূত্রের পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে বাংলাদেশের সঙ্গে হওয়া ‘অবিচার’ নিয়ে গুরুত্ব দিয়ে কথা বলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

বৈঠকে আইসিসি ও বিসিবির মধ্যে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং পিসিবি এই আলোচনায় সমন্বয়কের ভূমিকা পালন করে। এনডিটিভি জানিয়েছে, অচলাবস্থা কাটাতে তিনটি শর্ত দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শর্তগুলো হলো—

(১) বাংলাদেশের জন্য ক্ষতিপূরণের অঙ্ক বাড়ানো,

(২) টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়লেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি নিশ্চিত করা এবং

(৩) ভবিষ্যতের কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্ব দেওয়া।

এসব দাবির বিষয়ে আইসিসি ইতিবাচক সাড়া দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট সমস্যার সমাধানে একটি যৌথ ফর্মুলাও তৈরি করা হয়েছে বলে জানিয়েছে জিও উর্দু নিউজ। প্রস্তাবগুলোর চূড়ান্ত অনুমোদনের জন্য আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা বৈঠক শেষে সেখান থেকে রওনা হয়েছেন। একই সঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলামও নিজের সরকারের কাছে বিষয়টি তুলে ধরতে বৈঠকস্থল ত্যাগ করেন।

পারস্পরিক সমঝোতায় পৌঁছানোর পর আজ বিকেলে আবারও আইসিসি ও বিসিবির মধ্যে নতুন করে বৈঠক হতে পারে।

এর আগে বৈঠকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসিকে জানিয়ে দেন, ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তটি পাকিস্তান সরকারের এবং ম্যাচ খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও সরকারই নেবে।

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ তাদের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানায়। তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান ঘোষণা দিয়েছিল যে তারা বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না। 

পাকিস্তান–ভারত ম্যাচ না হলে টি–টোয়েন্টি বিশ্বকাপে আইসিসিকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত