আমি আপনাদের সন্তান, দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাই: শাহজাহান চৌধুরী

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২১ পিএম

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। জীবনের দীর্ঘ ৪২টি বছর আপনাদের সুখে-দুঃখে কাটিয়েছি। ১৯৯১ ও ২০০১ সালে আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সাতকানিয়া-লোহাগাড়ার অসহায় ও নিরন্ন মানুষের কল্যাণে কাজ করেছি।

আজ সোমবার বিকেলে সাতকানিয়া হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি। বিগত ফ্যাসিস্ট হাসিনার সরকার আমাকে বিভিন্ন সময় প্রায় ৯ বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি করে রেখেছিল। কারাগারে ফাঁসির আসামিদের সেলে রেখে নির্মম নির্যাতন চালানো হয়েছে। সাতকানিয়া-লোহাগাড়াবাসী থেকে আমাকে বিচ্ছিন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল।

শাহজাহান চৌধুরী আরও বলেন, ২০২৪ সালের ৩৬ জুলাইয়ের ঐতিহাসিক গণআন্দোলনের মাধ্যমে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মুক্ত হয়েছে। আজ দেশ ও জাতির জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১টি দেশপ্রেমিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। সারাদেশের মানুষ আজ একটি কল্যাণময় রাষ্ট্র গঠনের জন্য ঐক্যবদ্ধ।

সাতকানিয়া-লোহাগাড়ার মানুষকে উদ্দেশ করে তিনি বলেন, আমি অতীতের মতোই আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। অবহেলিত সাতকানিয়া-লোহাগাড়াকে একটি আদর্শিক মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে দাঁড়িপাল্লা মার্কায় একটি ভোট ভিক্ষা চাই।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ইসহাক, কেন্দ্রীয় অফিস সম্পাদক মো. নুরুল আমিন, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির আসাদুল্লাহ ইসলামাবাদী, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, সেক্রেটারি মাওলানা অধ্যক্ষ আ ন ম নোমান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সাবেক কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মিজবাহ উদ্দিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত