বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, আমরা আশা করছি নির্বাচন সুষ্ঠু হলে গণতন্ত্রের পরিবেশে ফিরে যেতে পারবো, সব কিছুতেই গণতন্ত্রের চর্চা করার সুযোগ হবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে নির্বাচনে অনেক কারচুপি হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে। যার ফলে দেশে যে একটা ভালো নির্বাচন হতে পারে এটাই অনেকে ভাবতে পারে না। তবে আমি এখন পর্যন্ত যা দেখেছি তাতে আমার মনে হয়, এবারের নির্বাচন ভালো হবে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর বিষয়গুলো ইফেক্ট পড়বে না।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের ঠাকুরগাঁওয়ের সফর ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব পালন করবে।
মহাসচিব বলেন, বিএনপি সব নির্বাচনকেই গুরুত্ব দিয়ে দেখে এবং প্রতিপক্ষকে কখনোই দুর্বল হিসেবে বিবেচনা করে না। অভিযোগ করে বলেন, জামায়াত কৌশলগতভাবে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে এবং ভুয়া সংবাদ ছড়ানোর চেষ্টা করছে। তবে বিএনপি ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী।
মির্জা ফখরুল বলেন, যাকে খুশি তাকেই ভোট দিন-এটাই আমাদের অবস্থান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
