ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির (এসএমএসি) ফাউন্ডিং পার্টনার স্নেহাশীষ বড়ুয়া।
গতকাল মঙ্গলবার ডিএসইর ১১০৯তম পর্ষদ সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে তিনি যোগদান করেন। স্টক এক্সচেঞ্জটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে তার নিয়োগ অনুমোদন দেয়।
স্নেহাশীষ বড়ুয়া বাংলাদেশের একজন অভিজ্ঞ ও সুপ্রতিষ্ঠিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, যিনি আর্থিক ব্যবস্থাপনা, করপোরেট ফাইন্যান্স, অডিট ও অ্যাসিওরেন্স, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ট্যাক্সেশন, বাজেট প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও করপোরেট গভর্ন্যান্সে বহুমাত্রিক পেশাগত অভিজ্ঞতার অধিকারী। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ফেলো সদস্য (এফসিএ) এবং হিসাবরক্ষণ প্রতিষ্ঠান স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির প্রতিষ্ঠাতা পার্টনার।
পেশাগত জীবনে তিনি বিভিন্ন স্বনামধন্য করপোরেট, আর্থিক ও পেশাদার প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণী পর্যায়ের দায়িত্ব পালন করেছেন।
