নির্বাচনি সরঞ্জামসহ পিকআপ ভ্যান খাদে, আহত ৩

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম

গাইবান্ধা সদর উপজেলা থেকে নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় একটি পিকআপ খাদে পড়ে তিন আনসার সদস্য আহত হয়েছেন। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের সোলাগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয়রা জানায়, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যসহ একটি পিকআপ হাসেম বাজার থেকে রূপার বাজারের দিকে যাচ্ছিল।

সোলাগাড়ী এলাকায় পৌঁছালে পিকআপের সামনের চাকা ফেটে যায়। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পানিশূন্য খাদে পড়ে যায়। আশপাশের লোকজন দ্রুত ওই তিনজনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে মালামাল উদ্ধার করা হয়।
 
বিষয়টি নিশ্চিত করে সহকারি রিটার্নিং অফিসার ও গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেন মোবাইল ফোনে জানান, পিকআপ দুর্ঘটনায় বড় কোনো ক্ষতি হয়নি। ব্যালট বাক্সসহ নির্বাচনি সরঞ্জাম অক্ষত আছে এবং সেগুলো সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত