আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ এএম

নির্বাচনে বিএনপিকে সমর্থন দেওয়ায় দেশের পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘জাতির এমন একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথনির্দেশনা দেবে।’ উল্লেখ্য, দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতারা বিএনপিকে সমর্থন দিয়েছেন। যা গতকাল দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

তারেক রহমান বলেন, ‘আলেম ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক এবং অধিকার প্রতিষ্ঠায় করণীয় সম্পর্কে সঠিক নির্দেশনা পাবে। তিনি বলেন, আগামী দিনেও ইসলামি মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা চাই।’

‘অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন : পোষা প্রাণীর একটি চিকিৎসাসেবা কেন্দ্র ‘অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল দুপুরে রাজধানীর বনানীতে ওই ক্লিনিকে গিয়ে বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন তিনি। অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্লিনিকটি প্রতিষ্ঠা করেছে। এখানে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রাথমিক স্বাস্থ্যসেবার পরামর্শ দেবেন পশু চিকিৎসকরা। ফ্রি অ্যানিমেল ক্লিনিক সাধারণ মানুষ ও পশুর জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনের পর ক্লিনিকের প্রতিটি বিভাগ ঘুরে দেখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি একটি কক্ষে গিয়ে অসুস্থ বিড়ালের খোঁজ-খবর নেন। নিজেই মায়া করেন এবং কোলে নিয়ে আদর করেন। তিনি আশা প্রকাশ করেন, এ প্রতিষ্ঠানটি দেশের প্রাণী-পশুদের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শনকালে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। এরপর তারেক রহমান গুলশানের নিজের কার্যালয়ে যান। সেখানে তিনি সারা দেশের দলীয় প্রার্থী ও এলাকার নেতাদের সঙ্গে ফোনে কথা বলে নির্বাচনের পরিবেশ সম্পর্কে অবহিত হন এবং দিক নিদের্শনা দেন।

সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ৫ প্রার্থী : বিএনপি চেয়ারম্যানকে সমর্থন দিয়ে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন পাঁচ প্রার্থী। গতকাল সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। সরে দাঁড়ানো পাঁচ প্রার্থী হলেন ‘টেলিভিশন’ প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ, ‘মোরগ’ প্রতীকের প্রার্থী কাজী এনায়েতউল্লাহ, ‘আনারস’ প্রতীকের প্রার্থী মো. রাশেদ আহমেদ, ‘ডাব’ প্রতীকের প্রার্থী শামীম আহমদ এবং ‘আপেল’ প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকা ‘টেলিভিশন’ প্রতীকের আবুল কালাম আজাদ বলেন, রাজনৈতিক কারণে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে যেকোনো মূল্যে বিজয়ী করতে হবে। একটি শক্তি আবারও নতুন চক্রান্ত শুরু করেছে। আমরা একাত্তরের আগের অবস্থায় ফেরত যেতে চাই না। ভুলত্রুটি শুধরে এগিয়ে যেতে হবে।

‘ডাব’ প্রতীকের প্রার্থী শামীম আহমদ বলেন, একটি সেøাগান সবার আগে বাংলাদেশকে সমর্থন দিতে এসেছি। এই স্লোগানকে সমর্থন করতে এসে গণমাধ্যমে আমার ভোটারদের প্রতি আহ্বান আমাকে যারা ভোট দিতে চেয়েছেন, তারা ধানের শীষে ভোট দিন। দেশবিরোধী কোনো শক্তিকে আমরা ক্ষমতায় দেখতে চাই না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত