জাতীয় সংসদ নির্বাচন

নারীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৭ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গতকাল বুধবার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর (ইউএনআরসি) কার্যালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

নির্বাচন সামনে রেখে জাতিসংঘ পুনর্ব্যক্ত করেছে, নির্বাচনে নিরাপদ ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মধ্যে নারী ও মেয়েদের অধিকার, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ এবং যারা বৈষম্য বা লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে থাকেন, তাদের অধিকারও অন্তর্ভুক্ত।

বিবৃতিতে বলা হয়, নির্বাচনের আগে নারীপ্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে বিশেষ করে অনলাইন সহিংসতা ও হয়রানির বিষয়ে বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজের উদ্বেগের বিষয়ে জাতিসংঘ সচেতন। রাজনৈতিক নেতা, কর্মী, সাংবাদিক এবং মানবাধিকার রক্ষাকারীসহ জনজীবনে কর্মরত নারীরা সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত বা যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট তৈরির ঘটনা বাড়ছে।

এতে আরও বলা হয়, জাতিসংঘ সব অংশীজনের সঙ্গে ধারাবাহিকভাবে নারীদের অর্থপূর্ণ প্রতিনিধিত্ব ও নেতৃত্ব নিশ্চিত করার পক্ষে কাজ করে আসছে এবং নারীদের নির্বাচনী অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বাড়াতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করছে। নারীসহ সব ভোটার যেন ভয়ভীতি, বৈষম্য, অনলাইন নির্যাতন বা প্রতিশোধের আশঙ্কা ছাড়াই প্রার্থী ও ভোটার হিসেবে অংশগ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত