আমরা চাই না আর কোনো স্বৈরাচার, দুর্নীতিবাজ বা চাঁদাবাজ ফিরে আসুক। আমাদের সন্তানরা যে পরিবর্তনের আশায় রক্ত দিয়েছে, আমরা সেই লক্ষ্যেই ভোটাধিকার প্রয়োগ করছি। রাজধানীর গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর এভাবেই নিজের দৃপ্ত আকাঙ্ক্ষা ব্যক্ত করেন মিলি রহমান নামে এক গৃহিণী। তার এই বক্তব্যের প্রতিধ্বনি মিলেছে ওই কেন্দ্রের সাধারণ ভোটারদের মাঝেও, যারা দীর্ঘ প্রতীক্ষার পর এক ভয়হীন ও শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের রায় দিতে পেরে উচ্ছ্বসিত।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই গেন্ডারিয়া ও যাত্রাবাড়ী এলাকার কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের দীর্ঘ লাইন ছিল নজরকাড়া। মিলি রহমান আরও বলেন, ভোটকেন্দ্রে সবাই সহায়তা করছে এবং কোনো ধরনের ঝুরঝামলা ছাড়াই ভোট দেওয়ার সুযোগ রয়েছে। আমরা কি পরিবর্তন চাই, এবারের ভোটের মাধ্যমে সেই সুযোগ তৈরি করে দিয়েছে ইউনুস সরকার।
গেন্ডারিয়া কেন্দ্রে প্রথমবার ভোট দিয়ে আজমির জাহান বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় আগে ভোটের যে ভীতিকর পরিবেশ দেখতাম, এবার তার উল্টো। ন্যায় ও ইনসাফের পক্ষে প্রথম ভোট দিতে পেরে আমি আনন্দিত।’
নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ব্যাংকার উম্মে মারিয়াম। তিনি মাত্র সাড়ে ৫ মাস বয়সের শিশুকে কোলে নিয়ে কেন্দ্রে এসেছেন। তিনি বলেন, ‘নিরাপত্তার নিশ্চয়তা পেয়েই শিশুকে নিয়ে চলে এসেছি। ভোটের পরিবেশ দারুণ।’
স্থানীয় ব্যবসায়ী শেখ মনিরুল ইসলাম মন্টু তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, জীবনে অনেকবার ভোট দিয়েছি, কিন্তু এবারের মতো পরিবেশ আগে কখনো ভাবিনি। এমন সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়াটা আমাদের জন্য বড় পাওয়া।
যাত্রাবাড়ী এলাকার শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেও সকাল থেকে ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। সাধারণ ভোটার মিন্টু মিয়া বলেন, ভোট দিয়া ভাল্লাগতাছে। আমরা শান্তিপূর্ণ দেশ চাই।
এদিকে পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে। ভোর থেকেই সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি-র টহল দল ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে।
গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে ১১-দলীয় জোটের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট। তবে কিছু কেন্দ্রে ছোটখাটো ঝামেলার খবর পাওয়া গেছে। সব বাধা পেরিয়ে আল্লাহ চাইলে আমরা বিপুল ভোটে জয়লাভ করব।
দুই জেলায় দুর্ঘটনায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ নিহত ৪
‘ভোট দিয়া ভাল্লাগতাছে, আমরা শান্তি চাই’