ঢাকা–১৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর বলেছেন, যাদের ভেতরে ভয় আছে, তারাই ভোটের মাঠে অরাজকতা সৃষ্টি করতে চায়। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই।
আজ (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় উত্তরা আবদুলাপুর পলওয়েল এলাকার মালেকাবানু আদর্শ বিদ্যালয় কেন্দ্র ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এস এম জাহাঙ্গীর বলেন, ঢাকা–১৮ আসনে কোনো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ নয়। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলার চেষ্টা করছে। বাস্তবতা হলো—নির্বাচনের মাঠে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। ফলে সার্বিক পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও বলেন, ঢাকা–১৮ আসনকে সমৃদ্ধ করতে হলে সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যেতে হবে। আমি সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছি। নিরাপদ ও সুন্দর ঢাকা–১৮ গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ভোটের জন্য আমরা কেউ হানাহানি বা মারামারি করবো না। জনগণই আমাদের মধ্য থেকে যোগ্য প্রার্থীকে বেছে নেবে। জনগণ যার প্রতি আস্থা ও বিশ্বাস রাখবে, তাকেই তাড়া নির্বাচিত করবে।
শেষে তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকল প্রার্থী, কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের প্রতি শান্তিপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানান এবং নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
