কুমিল্লা-৩: মুরাদনগরে কায়কোবাদের ‘ডাবল হ্যাটট্রিক’

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মুরাদনগরে ডাবল হ্যাটট্রিকের মতো এক অনন্য ইতিহাস সৃষ্টি করলেন পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। 

তিনি বিএনপির প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারি ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বকে ৫৩ হাজারের বেশি ভোটে হারিয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ১৫৯টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউসুফ সোহেল ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৮০ ভোট।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ৫৩ হাজার ৫১৩ ভোট। তবে পোস্টাল ব্যালটের তথ্য পাওয়া যায়নি।

কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বিগত সংসদ নির্বাচন গুলোতে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ইউসুফ আব্দুল্লাহ হারুন ও জাহাঙ্গীর আলম সরকারের মত হেভিওয়েট প্রার্থীদেরকে পরাজিত করে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত