টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী মো. আব্দুস সালাম পিন্টু। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. হুমায়ুন কবীর (দাঁড়িপাল্লা) প্রতীক নিয়ে পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩৪২ ভোট।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হয়। বিকেল থেকে শুরু হয় ভোট গণনা। এরপরে সন্ধ্যার পর থেকে পর্যায়ক্রমে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬৫ হাজার ৭১৫টি। বাতিল ভোটের সংখ্যা ৪ হাজার ৫৫৫। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২লাখ ৭০ হাজার ২৭০ ভোট। প্রদত্ত ভোটের হার ৬৪.৫৬ শতাংশ।
এ আসনে অংশ নেওয়া অন্যান্য প্রার্থীদের মধ্যে ৩য় অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মানোয়ার হোসেন সাগর (হাতপাখা) পেয়েছেন ৪ হাজার ৭৭৭ ভোট।
ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল একত্রিত করে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করা হয়। দিনব্যাপী গোপালপুর ও ভূঞাপুর উপজেলার কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ফলাফল ঘোষণার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আনন্দ মিছিল করতে দেখা গেছে।
জানা যায়, টাঙ্গাইল-২ আসনে মোট ভোটার ৪ লাখ ১৮ হাজার ৬০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১০ হাজার ৪২২ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ১৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।
গোপালপুর উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন এবং ভূঞাপুর উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন নিয়ে টাঙ্গাইল-২ আসন গঠিত।
