হাতিয়ার মানুষ আনন্দের বদলে ভীতসন্ত্রস্ত : হান্নান মাসউদ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেছেন, নির্বাচনে বিজয়-পরবর্তী সময়ে দ্বীপ হাতিয়ার মানুষ যেখানে আনন্দ-উল্লাস করার কথা, সেখানে তারা ভীতসন্ত্রস্ত হয়ে দিন পার করছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, ‘এই কয়দিনে পুরো হাতিয়ায় ব্যাপক তা-ব চালানো হয়েছে। মানুষের ওপর হামলা, ঘরবাড়ি পোড়ানো, ব্যবসা প্রতিষ্ঠানে হামলাসহ নানা অপকর্ম করা হয়েছে। হাতিয়ার ইতিহাসে এমন তা-ব আর কোনো নির্বাচনে কখনো চালানো হয়েছে বলে আমার মনে হয় না।’ তিনি বলেন, ‘হাতিয়ার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের নির্বাচন উপলক্ষে হাতিয়ায় এনে দ্বীপের সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তোলা হয়েছে। গত কয়েক দিনে ৪৫০ বাড়িঘরে হামলা করা হয়েছে। শতাধিক দোকান লুটপাট ও ভাঙচুর করা হয়েছে। সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, জুলাই অভ্যুত্থানের মতো লোকজন আহত হয়ে পড়ে আছে। আমরা হাতিয়ার মানুষ এ তা-ব থেকে মুক্তি চাই।’

হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, ভোটের দিন সকালে তার গাড়িতে এবং তার স্ত্রীসহ বাবা ও ভাইদের ওপর কয়েকবার সশস্ত্র হামলার ঘটনা ঘটে। কয়েকজন সাংবাদিককে পিটিয়ে আহত করা হয়। এসব হামলার নেতৃত্ব দিয়েছেন ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীম।  হাতিয়ার মানুষ ব্যালটের মাধ্যমে সন্ত্রাসীদের প্রতিহত করেছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রমনা থানার আমির অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, উপজেলা আমির মাস্টার বোরহান উদ্দিন, জামায়াতের পৌরসভার মেয়র প্রার্থী সাব্বির আহমেদ তাফসির, উপজেলা যুব শক্তির আহ্বায়ক ইউসুফ রেজা, ব্যবসায়ী আবদুল কাদেরসহ হামলায় আহত এনসিপির প্রায় ১০ নেতাকর্মী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত