নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চুলকাটার সেলুনে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ অন্তত তিনজন দগ্ধ হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সাড়ে ৫টার দিকে ফতুল্লার সস্তাপুর এলাকায় ঢাকা টেক্সটাইল মিলের কাছে মিন্টুর সেলুনে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর দগ্ধ সেলুন মালিক মিন্টুসহ তিনজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে যায় স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সস্তাপুর গাবতলা থেকে কাস্টমের মোড় পর্যন্ত সড়কের বামপাশে তিতাস গ্যাসের সংযোগ পাইপ লিকেজ রয়েছে। স্থানীয়দের ধারণা সেই লিকেজ থেকে গ্যাস বের হয়ে মিন্টুর সেলুনে জমেছিল। সেই গ্যাস বিকট শব্দে বিস্ফোরণ হয়ে নরসুন্দর মিন্টু ও পথচারী শিশুসহ তিনজন দগ্ধ হয়েছে। দগ্ধ অন্যদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি। দগ্ধদের মুখ, চুলসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে।
এ বিষয়ে তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ম্যানেজার আতিকুর রহমান জানান, খবর পেয়ে সেখানে টিম পাঠানো হয়েছে।
