বগুড়ায় ছোট বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ফাহিম হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তনয় নামে এক বখাটের বিরুদ্ধে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শহরের মাটিডালী বিমানমোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেল ফাহিমের মরদেহ নিয়ে ঢাকা-রংপুর অবরোধ করে হত্যাকারীর বিচারের দাবি জানায় এলাকাবাসী।
নিহত ফাহিম হোসেন (১৯) সদরের নওদাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।
পরিবার ও পুলিশ জানায়, মাটিডালী গ্রামের তনয় নামের এক যুবক ফাহিমের ছোট বোন রিমিকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিলেন। এ নিয়ে একাধিকবার শর্তক করা হয়। গেল দেড় বছর আগে সেতু নামে এক যুবকের সঙ্গে রিমির বিয়ে হয়। তিন মাস আগে রিমির স্বামী সেতুকে ছুরিকাঘাত করেন তনয় । এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে পরে মীমাংসা হয়। এরমধ্যে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ফাহিম মাটিডালী এলাকায় যাওয়ার পথে বিমানমোড় এলাকায় পৌঁছালে তনয় তার পথরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফাহিমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে ফাহিমের মরদেহ নিয়ে বগুড়া শহরের মাটিডালী বিমান মোড় এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। তারা অভিযুক্ত তনয়সহ এঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ঘণ্টাব্যাপী অবরোধ চলাকালে একপর্যায়ে বগুড়া জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ ঘটনাস্থলে পৌঁছে ফাহিম হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর মাহফুজ আলম বলেন, প্রাথমিকভাবে বোনকে উত্যক্ততের জেরেই হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে তনয়ের নাম উল্লেখ করা হয়েছে। ইতোমধ্যে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
বোট ক্লাবের পাশে মিলল নিখোঁজ অটোচালকের মরদেহ
জয়ী প্রার্থীকে অভিনন্দন জানালেও ভোট পুনঃগণনা চান সারজিস
ময়মনসিংহে ‘হ্যাঁ’র নিরঙ্কুশ জয়