যশোরে ছোট দলগুলোর ভরাডুবি জামানত হারিয়েছেন ৬৫% প্রার্থী

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০ এএম

যশোরের ছয়টি আসনে ছোট দলগুলোর ভরাডুবি হয়েছে। শুধু তাই নয়; তাদের প্রার্থীদের জামানতই রক্ষা হয়নি। দলের বড় বড় পদে থাকা নেতাদের জামানত রক্ষা না হওয়ায় নির্বাচনী এলাকায় বেশ আলোচনা হচ্ছে। জেলা নির্বাচন অফিস মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৭ প্রার্থী। এর মধ্যে ২৪ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে, যা মোট প্রার্থীর ৬৫ শতাংশ।

জামানত হারানো প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির পাঁচজন, ইসলামী আন্দোলনের ছয়জন, এবি পার্টির ২ জন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের একজন, খেলাফত মজলিসের একজন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ’র একজন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার একজন, সিপিবির একজন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির-বিএমজেপি একজন, স্বতন্ত্র পাঁচজনের মধ্যে চারজন রয়েছেন। নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত বেসরকারি ফলে জানা গেছে, যশোর-১ (শার্শা) আসনে জামানত বাঁচাতে প্রার্থীর প্রাপ্ত ভোট দরকার ছিল ২৬ হাজার ৯৭৫ ভোট। কিন্তু জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলনের বক্তিয়ার রহমানের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে জামানত বাঁচাতে প্রার্থীর প্রাপ্ত ভোট দরকার ছিল ৪১ হাজার ৮৬১ ভোট। কিন্তু ইদ্রিস আলী, রিপন মাহমুদ, ইমরান খান, শামছুল হক, স্বতন্ত্র জহুরুল ইসলাম, মেহেদী হাসানের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

যশোর-৩ (সদর) আসনে জামানত বাঁচাতে প্রার্থীর প্রাপ্ত ভোট দরকার ছিল ৫১ হাজার ৬ ভোট। শোয়াইব হোসেন, জাতীয় পার্টির খবির গাজী, নিজামদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা (কাস্তে) রাশেদ খানের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) এ আসনে জামানত বাঁচাতে প্রার্থীর প্রাপ্ত ভোট দরকার ছিল ৪০ হাজার ৬৬০ ভোট। কিন্তু বায়েজিদ হোসাইন, আশেক এলাহী, আবুল কালাম গাজী, জহুরুল হক জহির, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি সুকৃতি ম-লের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

যশোর-৫ (মণিরামপুর) এ আসনে জামানত বাঁচাতে প্রার্থীর প্রাপ্ত ভোট দরকার ছিল ৩৫ হাজার ১৯৩ ভোট। জয়নাল আবেদীন, হালিম, স্বতন্ত্র কামরুজ্জামানের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

যশোর-৬ (কেশবপুর) এ আসনে জামানত বাঁচাতে প্রার্থীর প্রাপ্ত ভোট দরকার ছিল ২১ হাজার ৯১৫ ভোট। শহিদুল ইসলাম, জিএম হাসান, মাহমুদ হাসানের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত