ভারত-পাকিস্তান ম্যাচটি দেখতে কলম্বো যাচ্ছেন না বিসিবি সভাপতি আমিনুল। মূলত নিজেদের দল বিশ্বকাপে না খেলাতেই শ্রীলঙ্কায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
কুয়েতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় যোগ দিয়ে শনিবার দেশে ফিরেছেন আমিনুল। আপাতত তিনি দেশেই থাকছেন বলে জানা গেছে। বিসিবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান ক্রিকবাজকে জানিয়েছেন, “আমি আমিনুল ইসলামের সঙ্গে কথা বলেছি। যেহেতু সেখানে বাংলাদেশের কোনো ম্যাচ নেই, তিনি বলেছেন—শুধু ম্যাচ দেখতে যাওয়ার দরকার কী? তাই তিনি যেতে রাজি হননি।” তিনি আরও বলেন, “শুরুতে হয়তো যাওয়ার কথা ছিল। কিন্তু পরে বুঝেছেন, যখন বাংলাদেশ খেলছেই না, তখন অকারণে সেখানে যাওয়ার কোনো অর্থ নেই।”
এর আগে আমিনুল নিজেই ইঙ্গিত দিয়েছিলেন, ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে এশিয়ার টেস্ট খেলুড়ে পাঁচ দেশের বোর্ডপ্রধানকে। আইসিসি চায় তাঁরা যেন একসঙ্গে খেলা দেখেন, কথা বলেন এবং নিজেদের মধ্যে দূরত্ব দূর করেন।
উল্লেখ্য লাহোরে অনুষ্ঠিত ত্রিদেশীয় বৈঠকে লাহোরে গিয়ে ভারত–পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রাজি করাতে বড় ভূমিকা রেখেছিলেন আমিনুল। সেই ধারাবাহিকতায় তিনি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের ম্যাচটি দেখতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণও পেয়েছিলেন।
আমিনুল ইসলাম বুলবুল না গেলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি শনিবার কলম্বো গেছেন। এবং সেখানে পাকিস্তানের ক্রিকেট দলকে উৎসাহ দিতে তাদের সঙ্গে কথা বলেছেন। আইসিসি চেয়ারম্যান জয় শাহও কলম্বো যাচ্ছেন বলে খবর।
বয়কট ভুলে বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান