আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে সেøাগান, পুষ্পমাল্য অর্পণ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ এএম

দেড় বছরের অধিক সময় এবং নির্বাচনের তিন দিন পর গতকাল রবিবার বিকেলে আওয়ামী লীগের খুলনা জেলা ও মহানগর  কার্যালয়ে যান কয়েকজন নেতাকর্মী। এ সময় তারা কার্যালয়ে নিচতলার কলাপসিবল গেটের তালা খুলে দোতলায় গিয়ে শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

প্রত্যক্ষদর্শী ও আশপাশের ব্যবসায়ীরা জানান, হঠাৎ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সাত-আট নেতাকর্মী খুলনার শহীদ হাদিস পার্কসংলগ্ন (শঙ্ক মার্কেট) মহানগর ও জেলা কার্যালয়ে আসেন। তারা নিচের মূল ফটকের তালা খুলে ওপরে যান। সেখানে তারা শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

নেতাকর্মীদের মধ্যে উপস্থিত জাহাঙ্গীর হোসেন নামে একজন নিজেকে ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে বলেন, ‘রাজনীতি করার অধিকার সবারই আছে। আমরা নতুন সরকারকে বলতে চাই আমরা সুষ্ঠু ধারার রাজনীতি করতে চাই। আশা করি আমাদের রাজনীতি করার অধিকার ফিরে পাব।’

এ প্রসঙ্গে খুলনা সদর থানার ওসি কবীর হোসেন বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি।  এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

২০২৪ সালের ৪ আগস্ট খুলনা আওয়ামী লীগের কার্যালয়টি জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

দিনাজপুরে কার্যালয়ে ঢুকে আ.লীগ নেতাকর্মীদের স্লোগান : দিনাজপুর প্রতিনিধি জানান, ১৮ মাস পর দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢুকে দলীয় স্লোগান দিয়েছেন নেতাকর্মীরা। এ ঘটনার পর বিকেলে ওই কার্যালয়ে আগুন দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

গতকাল দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিতে দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢোকেন কয়েকজন নেতাকর্মী। তারা সেখানে ৫ মিনিট অবস্থান করেন এবং দলীয় সেøাগান দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালেদ হাবিব সুমন, সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সৈয়দ সালাহ উদ্দিন দিলীপ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রুহানা নিশাত বীথি, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুজ্জামান, পাল্টাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। এ ঘটনার প্রতিবাদে বিকেল সাড়ে ৪টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘোরাফেরা ও দলীয় কার্যালয় খোলার বিরুদ্ধে সেøাগান দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত