ঢাকার বিভিন্ন এলাকায় বাইসাইকেল সার্ভিসিং সেন্টার খুলে চোরাই সাইকেল বেচাকেনা চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ। বংশাল এলাকায় সক্রিয় রয়েছে একাধিক চক্র বলে জানিয়েছে পুলিশ। তাদের নামে একাধিক চোরাই মামলা রয়েছে।
গত শুক্রবার থেকে বংশালের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ১০৫টি চোরাই বাইসাইকেলসহ চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলো সাইফুল ইসলাম সাজু, রাজন, সোহেল, সায়াতুল্লাহ ওরফে আকাশ, আব্দুর রহমান ভিকি ও সীমা।
গতকাল রবিবার ডিএমপির বংশাল থানার ওসি এ কে এম মাহফুজুল হক দেশ রূপান্তরকে বলেন, শুক্রবার মুগদা থেকে বংশালে এক কিশোর তার বাইসাইকেল বিক্রি করতে যায়। সেখানে তার সাইকেল নিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয় রুবেল ও তার সহযোগীরা। ওই কিশোর সেনাবাহিনীকে বিষয়টি জানালে ঘটনাস্থল থেকে সাজু ও রাজনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে দেয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে চক্রের অন্যান্য সদস্যদের নাম পাওয়া যায়।
তিনি আরও বলেন, চক্রের সব সদস্যই বাইসাইকেল সার্ভিসিংয়ের কাজ করে। দোকানে ৮-১০টা সাইকেল রেখে বিক্রি করছে। এর পাশাপাশি গোডাউনে চোরাই সাইকেল রেখে বিক্রি করে আসছিল। তারা চোরাই সাইকেল কিনে ওটা রঙ করে আবার বাজারে নিয়ে আসে। নাজিম উদ্দিন রোড এলাকা থেকে চোরচক্রের সঙ্গে জড়িত সোহেল, আকাশ ও ভিকিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০১টি চোরাই বাইসাইকেল ও চারটি বাইসাইকেলের বডি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বাইসাইকেলের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৮ হাজার টাকা।
