পীরগ‌ঞ্জে ধা‌নের শী‌ষে সিলমারা ব‌্যালট পেপার উদ্ধার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম

গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন শেষ হলেও বিতর্ক থামছে না রংপুর-৬ পীরগঞ্জ আসনে। ভোটের ৪‌ দিন পর একটি কেন্দ্র থেকে উদ্ধার করা হয়েছে সিলমারা ব্যালট পেপার ও সিল।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি বন্ধ কক্ষ থেকে এগুলো উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার। ধানের শীষ প্রতীকে সিলমারা ব্যালট দেখে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। কারচুপির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা।

ভোট শেষ, ফল ঘোষণা হয়েছে। কিন্তু পীরগঞ্জের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর আলামত। সোমবার স্কুল খোলার পর শিক্ষার্থীরা একটি ভাঙা আলমারিতে দেখতে পায় ব্যালট পেপার।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন ঘটনাস্থলে গিয়ে ২টি ধানের শীষ প্রতীকে সিলমারা ব্যালট, ৪টি গণভোটের ব্যালট এবং ২টি সিল উদ্ধার করেন।

হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ভোটের পর আজ স্কুল খোলা চেয়ার-টেবিল ঠিক করতে গিয়ে একটি ভাঙা আলমিরাতে শিক্ষার্থীরা ব্যালট পেপার দেখতে পায়। ২টি ধানের শীষের প্রতীকের সিলমারা ব্যালট ও গণভোটের ৪টি ব্যালট এবং দুইটি সিলও পাওয়া যায়।

তি‌নি আরও জানান, রুমগুলো নতুন ও দরজা জানালাগুলোও ভালো করে বন্ধ ছিল তাই বাইরে থেকে রুমে এসব ঢোকানো অসম্ভব।

এই খবর ছড়িয়ে পড়তেই স্কুলের সামনে জড়ো হন শত শত মানুষ। তারা অভিযোগ করেন, ভোটের দিন কারচুপি হয়েছে। বিক্ষোভকারীরা জড়িতদের শাস্তির দাবি জানান। প্রশাসন বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত