ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সেনাবাহিনীর মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর এক সার্জেন্ট ও বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে উপজেলার বালিয়া মোড় এলাকায় কাকলী রাইস মিলের সামনে শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল করিম এবং বাসচালক আব্দুল বাসেত (৫০)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর একটি ট্রাক ফুলপুর ক্যাম্পের কার্যক্রম শেষ করে ময়মনসিংহে ফিরছিল। একই সময় ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস বালিয়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং উভয় গাড়ির চালকসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।
ময়মনসিংহ জেলা পুলিশর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেনাবাহিনীর সার্জেন্টের অবস্থার অবনতি হলে তাকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। পরে সেখানে তিনি মারা যান। হাসপাতালে নেওয়ার পথে বাসচালকও মারা যান।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান জানান, দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।
নতুন সরকারকে ঘিরে কুড়িগ্রামের স্বপ্ন
সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান