মৌলভীবাজারে ৪৫০ রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-এ শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৯১তম জন্মতিথি উপলক্ষে আয়োজন করা হয় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আনিসুর রহমান।

শ্রীমঙ্গল শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি ও চিকিৎসক নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর হাসপাতালের উপ-পরিচালক প্রণয় কান্তি ধর, ভারপ্রাপ্ত সিভিল সার্জন বর্ণালী দাশ, সাবেক সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী ও নিশিত নন্দী মজুমদার, শিশু বিশেষজ্ঞ প্রদীপ লাল বণিকসহ অন্যান্যরা। 

কর্মসূচির আওতায় সাতটি পৃথক বুথে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন। গাইনি বিশেষজ্ঞ নিবাস চন্দ্র পাল ও দীপাঞ্জলী পাল, শিশু বিশেষজ্ঞ প্রদীপ লাল বণিক ও বিশ্বজিৎ দেব, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুব্রত রায় ও আকাশ দেব, সার্জারি বিশেষজ্ঞ পম্পী বৈদ্য এবং দন্ত বিশেষজ্ঞ পুষ্পিতা খাস্তগীর রোগীদের চিকিৎসা দেন।

পরে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এছাড়া সান ফার্মাসিউটিক্যালসের সহায়তায় ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

সভাপতি নিবাস চন্দ্র পাল জানান, জন্মতিথি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সকাল থেকে প্রায় সাড়ে চার শতাধিক রোগী নিবন্ধন করে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেছেন। বিকেলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের কথাও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত