যশোরে এক যুবকের পেটের ভেতর থেকে ২২০০টি ইয়াবা ট্যবলেট উদ্ধার করেছে র্যাব। এ ছাড়া খুলনায় প্রায় ২৮ হাজার ইয়াবাসহ এক তরুণ ও নীলফামারীর সৈয়দপুরে ৬ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যশোর : যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে গত মঙ্গলবার রাত দেড়টার দিকে মাসুদ রানা (২০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। গতকাল বুধবার এক্সরে করলে তার পেটের ভেতর ইয়াবাগুলো দেখা যায়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা মণিহার বাসস্ট্যান্ড এলাকায় মাসুদ রানাকে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা স্বীকার করেন, তার পেটের ভেতরে আনুমানিক ২ হাজার ২০০টি ইয়াবা ট্যাবলেট রয়েছে। তিনি এগুলো কক্সবাজার থেকে নিয়ে আসছিলেন। বুধবার সকালে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসকদের তত্ত্বাবধানে ধাপে ধাপে তার পেট থেকে ইয়াবাগুলো বের করা হয়।
খুলনায় ২৮ হাজার ইয়াবাসহ যুবক আটক: খুলনায় যাত্রীবাহী বাসে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২৮ হাজার ইয়াবাসহ মিলন মাল (২২) নামে এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল বুধবার দুপুর পৌনে ১২টার দিকে নগরীর কৈয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মিলন বাসে করে সাতক্ষীরা থেকে ঢাকা যচ্ছিল। সে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বাবুল মালের ছেলে।
নগরীর হরিণটানা থানার পরিদর্শক (তদন্ত) টিপু সুলতান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নগরীর কৈয়া বাজার এলাকায় চেকপোস্ট বসায়। দুপুর পৌনে ১২টার দিকে সেখানে একটি যাত্রীবাহী বাস থামিয়ে পুলিশ তল্লাশি করে। এ সময় মিলন মালের ব্যাগ তল্লাশি করে ২৭ হাজার ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সৈয়দপুরে ৬ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার: নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬ হাজার ইয়াবা উদ্ধার ও মোশাররফ হোসেন (৩২) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত মঙ্গলবার রাতে সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় এই তল্লাশি চালানো হয়। গ্রেপ্তার হওয়া মোশাররফ হোসেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের বলঞ্জা গ্রামের মোস্তফা কামালের ছেলে। বাসটি ঠাকুরগাঁও থেকে ঢাকা যাচ্ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তল্লাশি করে বাসের লকার থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার ও ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, খুলনা, যশোর ও নীলফামারী প্রতিনিধি