কুমিল্লার মুরাদনগরে নাসির উদ্দিন (৪৫) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে দুই লাখ টাকা নিয়ে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ মিলছে না। এ বিষয়ে থানায় জিডি করেছে পরিবার। তাদের আশঙ্কা নাসির উদ্দিনকে অপহরণ করা হতে পারে।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পাঁচকিত্তা নতুন বাজারে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গত মঙ্গলবার দুপুরে দুই লাখ টাকা নিয়ে ব্যবসায়িক কাজে কোম্পানীগঞ্জ বাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন নাসির উদ্দিন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।
নিখোঁজ নাসির উদ্দিন উপজেলার কামাল্লা ইউনিয়নের কামারচর গ্রামের মৃত লাতু মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।
এদিকে মুরাদনগর থানা পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে, অর্থের লোভে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে থাকতে পারে।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি হাসান জামিল খান বলেন, ব্যবসায়ী নিখোঁজের ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।