যোগাযোগ খাত দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করা হবে

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫০ এএম

যোগাযোগ খাতের প্রতিষ্ঠানকে দুর্নীতি ও সিন্ডিকেট-মুক্ত করার ঘোষণা দিয়েছেন নৌ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বর্তমান সরকারপ্রধান আমাদের ওপর আস্থা রেখে দেশের যোগাযোগ খাতের গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেছেন। তিনটি মন্ত্রণালয়ই সাধারণ মানুষের জন্য কাজ করে। চেষ্টা করব দেশের যোগাযোগ-ব্যবস্থা আধুনিকায়নের মধ্য দিয়ে জনগণের দুর্ভোগ লাঘব করতে।

অপচয় রোধ করার মাধ্যমে জনগণের অর্থ যাতে জনগণের প্রয়োজনেই ব্যবহৃত হয়, সেটি আমাদের অগ্রাধিকার থাকবে। সত্যিকার অর্থে সেবাধর্মী ও জনবান্ধব মন্ত্রণালয় প্রতিষ্ঠা করাই আমাদের অন্যতম লক্ষ্য।

গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং মো. রাজিব আহসান উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, জনগণ যে ম্যান্ডেট দিয়ে আমাদের দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন সেই ম্যান্ডেট বাস্তবায়ন করাই হবে আমাদের অন্যতম উদ্দেশ্য। আমরা জনগণের আস্থার প্রতিদান দিতে দেশের স্বার্থে নিজেদের উৎসর্গ করতে প্রস্তুত।

প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, আমাদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোকে কীভাবে আরও সেবাধর্মী করা যায়, সাধারণ মানুষের আরও বেশি কাছে যাওয়া যায়, প্রতিষ্ঠানগুলোকে কীভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা যায়, সেটি নিশ্চিত করাই হবে আমাদের প্রধান কাজ। জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, সরকারপ্রধান আমাদের ওপর আস্থা রেখেছেন। আমরা কথায় নয়, কর্মের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিতে চাই। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা করতে চাই।

এর আগে নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এবং প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসানকে সচিবালয়ে ফুল দিয়ে বরণ করে নেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম এবং সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত