এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় চালকের সহকারী নিহত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩০ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে অপর একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় শওকত বেপারী নামে চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৬টায় দিকে উপজেলার ফেরিঘাট এলাকার এক্সপ্রেসওয়ের আন্ডারপাস সংলগ্ন মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শওকত বেপারী (২৩) শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার দবির বেপারীর ছেলে।

আহত মো. ইমরান মন্ডল (২৪) সিরাজগঞ্জের  উল্লাপাড়ার বাঙ্গাল মোড়দহ এলাকার বাসিন্দা। 

শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ভোরে মাওয়ামুখী লেনে যান্ত্রিক ত্রুটির কারণে একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা অপর একটি দ্রুতগতির ট্রাক বিকল ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালকের সহকারী শওকত বেপারী গুরুতর আহত হন। এ ঘটনায় সামনের ট্রাকের চালকের সহকারী ইমরান মন্ডল গুরুতর আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শওকত বেপারীকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, আহত ইমরান মন্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত