রমজান উপলক্ষে বাজার মনিটরিং, তিন ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান, মূল্য ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ইফতার সামগ্রী, মিষ্টান্ন, মুদি ও ফলের দোকানসমূহে পণ্যের মান, মূল্য তালিকা, সামগ্রিক পরিবেশ এবং ক্রয় রসিদ যাচাই-বাছাই করা হয়।
ক্রয় রসিদ প্রদর্শনে ব্যর্থ হওয়া ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে। এ সময় উভয় বাজারের ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। 

এর আগে বুধবার সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে মাহে রমজান উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, রমজান মাসে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিকভাবে মূল্যবৃদ্ধি করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভ্রাম্যমাণ আদালতে বালিয়াকান্দি থানা পুলিশ ও স্যানিটারি ইন্সপেক্টর মনিরুজ্জামান সহযোগিতা করেন। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও
মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত