বগুড়ায় অপহরণ মামলায় ছাত্রদল নেতাসহ ৪ জন কারাগারে

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩১ পিএম

হ্যানিট্রাপে ফেলে অপহরণের পর আপত্তিকর ছবি তুলে ১০ লাখ টাকার চাঁদাবাজি ও এলজিইডি কর্মকর্তাকে মারধর, জোরপূর্বক চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার ঘটনায় বগুড়ায় ছাত্রদল নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলা আসামিরা হলেন গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলার মহিষাবান সরকারপাড়া গ্রামের মাহমুদুল হাসান মোহন (৩১), ক্ষিদ্রপেড়ী এলাকার মেহেদী হাসান (১৯), তরফসরতাজ  এলাকার রবিউল ইসলাম রকি (২১) ও দাঁড়াইল এলাকার আশেকুল ইসলাম (১৯)।

মামলার এজাহারে জানা গেছে , আব্দুল হান্নান এলজিইডির বগুড়া সদর কার্যালয়ে কার্য সহকারী হিসেবে কর্মরত। কিছুদিন আগে মোছা. শাহানাজ পারভিন নামের এক নারীর সঙ্গে মোবাইল ফোনে তার পরিচয় হয়। ওই নারী নিজেকে এলজিইডি ঢাকা অফিসে আউটসোর্সিং কর্মী পরিচয় দেয়। গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে জলেশ্বরীতলা এলাকার একটি রেস্টুরেন্টে কফির আমন্ত্রণ জানান। সেখানে গেলে লিফটের সামনে কয়েকজন ব্যক্তি বাদীর পথরোধ করে তাকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে ওই নারীর সঙ্গে আপত্তিকর ছবি তুলে বিয়ের ভয় দেখায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

তাৎক্ষণিকভাবে বাদীর কাছ থেকে নগদ টাকা আদায় করা হয়। পরে তাকে একটি ব্যাংক চেকে ১ লাখ ৮০ হাজার টাকা লিখে স্বাক্ষর করতে বাধ্য করা হয় এবং ৩০০ টাকার ব্ল্যাংক নন-জুডিসিয়াল স্ট্যাম্পেও স্বাক্ষর নেওয়া হয়। বাকি টাকা পরিশোধ না করলে মামলা করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ আলী বলেন, এ মামলায় এ পর্যন্ত চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আরও একজন জড়িত রয়েছে, তাকেও দ্রুত গ্রেপ্তার করা হবে। মামলার তদন্ত চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত