রমজান মুসলিমদের জন্য শুধু উপবাসের মাস নয় বরং এটি আত্মশুদ্ধি ও সংযমের এক অনন্য সময়। এই মাস আমাদের শেখায় কীভাবে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। সারাদিন না খেয়ে থাকা শুধু শারীরিক কষ্ট নয়, বরং আত্মাকে পরিশুদ্ধ করার এক মহান সাধনা। রমজান আমাদের জীবনে নিয়ে আসে ধৈর্য ও মানবিকতার অনন্য শিক্ষা। সারাদিন রোজা রাখার মাধ্যমে আমরা ক্ষুধার কষ্ট বুঝতে পারি, যা আমাদের দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সহানুভূতিশীল করে তোলে।
রমজানে আমরা মিথ্যা বলা, পরনিন্দা, হিংসা ও অহংকার থেকে দূরে থাকার চেষ্টা করি। বেশি বেশি কোরআন তিলাওয়াত, নামাজ ও দোয়ার মাধ্যমে নিজের মনকে শান্ত করি। এই মাস আমাদের ভেতরের মানুষটাকে নতুন করে গড়ে তোলে। সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য রমজান সবচেয়ে উপযুক্ত সময়। যাকাত, ফিতরা ও দানের মাধ্যমে আমরা সমাজে সাম্য ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে পারি। সত্যিকার অর্থে, রমজান আমাদের মানুষ হিসেবে আরও ভালো হতে শেখায়।
নেক আমলের বসন্ত রমজান মাস মুসলিমদের এক আনন্দ ও উৎসবের মাস। এ মাসে মুসলিমরা প্রস্তুত হয় বেশি বেশি আমল করার, অসচ্ছল ব্যক্তিদের সাহায্য করার। এ ছাড়াও এই বরকতময় মাস আল্লাহর নৈকট্য লাভের এক মহান সুযোগ। তাই এই মাস অন্যান্য মাসের চেয়ে অনেকগুণ বেশি গুরুত্বপূর্ণ ও উৎসবমুখর।
কাজী মারুফ হাসান
সমাজবিজ্ঞান বিভাগ, দ্বিতীয় বর্ষ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়