হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যাধুনিক স্বয়ংক্রিয় এয়ার রাইফেলসহ একজনকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে এয়ার রাইফেলসহ নূর হোসেনকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়। গতকাল শনিবার বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
বিমানবন্দর সূত্র জানায়, ফিটস এয়ারের একটি ফ্লাইটে দুবাই থেকে শ্রীলঙ্কা হয়ে অত্যাধুনিক অস্ত্র বাংলাদেশে আনছেন এক ব্যক্তি এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়। রাত ৮টার দিকে ফ্লাইটটি অবতরণের পর ফ্লাইটে থাকা যাত্রী নূর হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি জানান, সাইকেলের পার্টসের ভেতরে এয়ার রাইফেল পার্ট বাই পার্ট রয়েছে। পরে কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তারা তল্লাশি করে তা জব্দ করে।
বিমানবন্দরের কর্মকর্তারা জানান, ‘অস্ত্রটি অত্যাধুনিক। এটি গ্যাসচালিত।’ নূর হোসেনের কাছ থেকে অস্ত্র ছাড়াও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল, একটি ল্যাপটপ, ১০ কার্টন সিগারেট, পাঁচ কেজি ফুড আইটেম, দুই লিটার পারফিউম ও একটি বাইসাইকেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।