ওসিকে গালাগাল করায় উপজেলা বিএনপির সভাপতি আটক

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগাল করার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় অবস্থিত তুষার চৌধুরীর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশেরও (ডিবি) শামীম ইকবাল। 

এর আগে শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করার একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অডিওটি দ্রুত ভাইরাল হলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তে নেয় এবং এরই ধারাবাহিকতায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।

এর আগে বেলা সাড়ে ১১টায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তুষার চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘আমি গত দুই মাসের মধ্যে কোনদিন ওসিকে ফোনও দেইনি। আমি আমার ম্যানেজারকে গালাগাল করেছি, সেটাকে এডিট করে কেউ ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। 

সর্বশেষ তুষারের বিরুদ্ধে মামলা হয়েছে কী না জানতে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সহকারী পুলিশ সুপার বাহুবল সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ও হবিগঞ্জের পুলিশ সুপারের মোবাইলে কল দেওয়া হলে কেউ কল রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত